অ্যাটর্নি জেনারেলকে ‘হুমকির’ অভিযোগ, চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার দায়িত্বে থাকা চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে (ডিএজি) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নোটিশে তাদের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

রবিবার (৫ জুলাই) অ্যাটর্নি জেনারেলের নির্দেশে তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ নোটিশ জারি করেন।

শোকজপ্রাপ্ত চার ডিএজি হলেন—মো. জহিরুল ইসলাম সুমন, মো. রফিকুল ইসলাম মন্টু, মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান নজরুল।

নোটিশে বলা হয়, রবিবার দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় ওই চার ডিএজি তার সঙ্গে অসংযত আচরণ করেন। এ সময় বিচারপ্রার্থী ও কার্যালয়ের অন্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে তারা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এমনকি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও হুমকি দেওয়া হয়।

নোটিশে আরও বলা হয়, ঘটনার ভিডিও কার্যালয়ের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির শামিল উল্লেখ করে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।