বরিশালের আগৈলঝাড়া থানায় গুজবকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি এবং ‘মব সংস্কৃতির’ বহিঃপ্রকাশ।
শুক্রবার (১০ জুলাই) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, একটি গুজবকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই সন্ধ্যায় আগৈলঝাড়া থানা পুলিশ বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা রিয়াজ ফকিরকে (২৬) চুরি মামলায় গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা রয়েছে এবং গ্রেফতারের সময় তিনি মাদকের প্রভাবে ছিলেন। থানা হাজতে থাকাকালে তিনি নিজের মাথায় নিজেই আঘাত করে রক্তাক্ত হন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে রাত আনুমানিক ১১টার দিকে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গভীর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরদিন বৃহস্পতিবার দুপুরে রিয়াজ ফকিরের নিজ এলাকায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে কতিপয় ব্যক্তি আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপরও হামলা করে। বিবৃতিতে বলা হয়, গুজবনির্ভর এ ধরনের হামলা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ নয়, বরং বাংলাদেশে গড়ে ওঠা নব্য ‘মব সংস্কৃতির’ বহিঃপ্রকাশ। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচারপ্রক্রিয়া ও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এবং একটি শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ।
বিবৃতিতে আরও বলা হয়, প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আগৈলঝাড়া থানা পুলিশ অসুস্থ আসামির চিকিৎসার ব্যবস্থা করেছে, যা শুধু আইনগত দায়িত্বই নয়, মানবিকতারও উদাহরণ।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, এ ধরনের গুজব ও উসকানির প্রেক্ষাপটে সংঘবদ্ধ হামলা বা মব সংস্কৃতি পুলিশের মনোবল দুর্বল করার অপচেষ্টা, যা দেশের উন্নয়ন অগ্রযাত্রার অন্তরায়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে স্বার্থসংশ্লিষ্ট কোনো পক্ষ বাংলাদেশ পুলিশ তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে কায়েমি স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত বলে সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে।
বিবৃতিতে দেশের নাগরিকদের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, মিথ্যা তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে প্রচলিত আইনকে শ্রদ্ধা করতে হবে, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করতে হবে এবং যেকোনো অভিযোগ বা অসন্তোষের ক্ষেত্রে আইনসম্মত ও শান্তিপূর্ণ পথ অনুসরণ করতে হবে, যাতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা, জনগণের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ বরাবরের মতো পেশাদারিত্ব, সংযম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও দৃঢ় প্রত্যয়ে এ দায়িত্ব পালন করবে।