ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় পাওয়া যায়নি। আজ রবিবার (১২ জুলাই) সকালে পৃথক দুটি স্থান থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
সকাল পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) পেছনে ফুটপাত অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরে ঢামেক হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকালে খবর পেয়ে অচেতন অবস্থায় ওই যুবককে জরুরি বিভাগের পেছনে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানি আইয়ুব আলী আরও বলেন, এখনো তার নাম পরিচয় জানা যায়নি। তার নাম পরিচয় জানার জন্য এরই মধ্যে সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
অন্যদিকে সকাল ১১টার দিকে অমর একুশে হলের ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় করা হয়। পরে ঢামেকে নেওয়ার পর চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপরিদর্শক (এসআই) মামুন জানান, খবর পেয়ে তারা অমর একুশে হলের ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তিদের বয়স আনুমানিক ৫০ ও ৬০ বছর।
এসআই বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তিদের নাম পরিচয় জানতে পারিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের নাম পরিচয় জানার জন্য ইতোমধ্যেই সিআইডির ক্রাইমকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’