সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় আরও দুই সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
রবিবার (১৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মোহাম্মদপুর থানার এএসআই গ্রীশ চন্দ্র বর্মণ ও আজমল হোসেন সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তাদের জেরা করেন।
জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান।
এ পর্যন্ত মামলার ২৮ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মামলার আসামিরা হলেন—নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ।
মার্সিয়া বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে ১৯ জনকে সাক্ষী করা হয়।
২০২২ সালের ২৮ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত ছয়জন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ চলাকালে ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে মোহাম্মদ ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেন।
পরে ২০২২ সালের ২৭ ডিসেম্বর আদালত অধিকতর তদন্তের স্বার্থে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে প্রত্যাহার করে ঢাকার সিএমএম আদালতে পাঠান। ২০২৩ সালের ১ জানুয়ারি তৎকালীন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন।
অধিকতর তদন্ত শেষে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর ডিবির সহকারী পুলিশ সুপার রাজন সাহা ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ নয়জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। পরে একই বছরের ১৯ নভেম্বর ঢাকার তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।