সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার

ঢাকার উত্তরার সিরাজ মার্কেট এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাসের মেয়েকে আছাড় মেরে  হত্যার অভিযোগের মামলায় বাবা কবির ইসলামকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।

সাত মাস বয়সী রাফা মনি কবিতাকে গত বুধবার সন্ধ্যায় আছাড় মারেন বাবা কবির ইসলাম। এরপর সাধারণ জনতা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। পরদিন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে তুরাগ থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

রাফা মনিকে আছড়ে হত্যার ঘটনায় শুক্রবার তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামির উপস্থিতিতে শুনানি দিন ধার্য করেন মঙ্গলবার (২১ জুলাই)। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়।

মামলার বিবরণ অনুযায়ী, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন, তিনি দীর্ঘ ধরে মাদকাসক্ত।

কবির মাদক সেবন করে প্রায়ই লিমাকে মারধর ও গালিগালাজ করতেন। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে বুধবার বাবাকে দেখতে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান লিমা। সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। কবির ক্ষিপ্ত হয়ে রাফা মনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর উঠিয়ে রাস্তায় আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে রাফা মনির মৃত্যু হয়।