চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনারও নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার স্থলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে, পুলিশ অধিদফতরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে এসএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া একই প্রজ্ঞাপনে গত ২৮ জুন জারি করা একটি আদেশ সংশোধন করা হয়েছে। ওই আদেশে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়, এপিবিএনে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বদলির আদেশ বাতিল করা হয়েছে।