পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহসহ পুলিশের ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
একটি প্রজ্ঞাপন অনুযায়ী, পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার স্থলে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশরাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদকে র্যাবে এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ আশজিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া পুলিশ সদর দফতরের (টিআর পদে) পুলিশ সুপার এ এফ এম নিজাম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মারুফকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।