জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
আসামিরা হলেন টাঙ্গাইলের মো. আব্দুল আলিম, সিরাজগঞ্জের আলী হায়দার, কুড়িগ্রামের রাসেল রানা লিটন এবং গাজীপুরের মাসুদ ফকির।
মঙ্গলবার (২১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল গাফফার (হিমেল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।
এর আগে, গত রবিবার বিকালে সচিবালয় থেকে চারজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম আরিফুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর যথাক্রমে দুই হাজার ৭৮৪ জন এবং ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেন। গ্রেফতার চারজনই অফিস সহায়ক পদের প্রার্থী ছিলেন।
অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৯ মে। এতে নয় হাজার ৩১৮ জন অংশ নেন এবং ১০৭ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরে ২৪, ২৫ ও ২৮ জুন তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীর প্রবেশপত্র ও ছবি সংরক্ষণ করা হয়েছিল। গত রবিবার চূড়ান্তভাবে নির্বাচিত ২০ জনের চাকরিতে যোগ দেওয়ার দিন ছিল। অন্যদের সঙ্গে ওই চারজনও যোগ দিতে এলে ভাইভার সময় তোলা ছবির সঙ্গে তাদের চেহারার মিল না থাকায় কর্মকর্তাদের সন্দেহ হয়।
পরে আলাদা করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন, তাদের হয়ে লিখিত পরীক্ষায় অন্য ব্যক্তি অংশ নিয়েছিলেন।