রেল কর্মকর্তা হত্যা: ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে

রাজধানীর মহাখালীতে রেলওয়ে কর্মকর্তাকে হত্যার মামলায় তার ‘প্রেমিকা’ বিউটি আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এ তথ্য জানান।

গত ১১ জুলাই রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মামুন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে এ ঘটনায় বিউটি আক্তারের বিরুদ্ধে মামলা করেন মামুনের চাচা মো. শমসের আলী। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই তারেক হাসান গত ১৪ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন রবিবার।

আজ শুনানিকালে বিউটিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন মোক্তার হোসেন। তবে আসামির পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। পরে আদালত আসামির তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বছর খানেক আগে মামুনের সঙ্গে বিউটির পরিচয় হয়, সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। বিষয়টি মামুনের পরিবার জানতো না। ১০ জুলাই চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় আসেন। মহখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন। মামুনকে সেখানে আসতে বলেন দেখা করার জন্য। ১১ জুলাই সকাল ১১টার দিকে গেলে বিউটি তাকে বিয়ের জন্য চাপ দেন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিউটি ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন। মামুনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।