৬ বছরের শিশুকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন, তিন লাখ টাকা অর্থদণ্ড

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছরের এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ওসমান খান ওরফে উসমান খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের অর্থ ভুক্তভোগী শিশুকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পিটার গোমেজ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, অর্থদণ্ডের টাকা পরিশোধ না করলে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায় করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলার কালেক্টরকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি পরিবারের সঙ্গে শাহ আলী থানার নিউসি ব্লকের ২৬ নম্বর এলাকায় বসবাস করত এবং একটি মাদ্রাসায় পড়াশোনা করত। একই ভবনে পরিবার নিয়ে থাকতেন আসামি ওসমান খান। তার ছেলের সঙ্গে খেলাধুলার সূত্রে শিশুটির ওই বাসায় যাতায়াত ছিল।

২০২৫ সালের ১৯ মার্চ রাত ১০টার দিকে আসামির ছেলের সঙ্গে খেলতে ওই বাসায় যায় শিশুটি। মামলার অভিযোগে বলা হয়, ওসমান তার স্ত্রী ও ছেলেকে খাবার কিনতে বাইরে পাঠিয়ে শিশুটিকে ধর্ষণ করেন।

পরদিন শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা শাহ আলী থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে একই বছরের ২৭ জুলাই শাহ আলী থানার এসআই আলমগীর জলিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ওসমান খান মাদারীপুর জেলার শিবচর উপজেলার উত্তর বাহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর পশ্চিমকান্দি গ্রামের দলিল উদ্দিন ওরফে দলু খানের ছেলে।