রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় এক ব্যবসায়ী পরিবারের সদস্যদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ বলছে, একটির ফুচকার দোকানে গাড়ি লাগাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। তারা উভয়েই একে অপরের পরিচিত। হামলায় চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, একটি পক্ষ শুক্রবার (৩১ জুলাই) বিকালে অভিযোগ করেছে যে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে পুরান ঢাকা থেকে লালমাটিয়ার বাসায় ফেরার পথে পরিবারের সদস্যদের বহনকারী গাড়ির গতিরোধ করা হয়। এসময় ভ্যান, মোটরসাইকেল ও একটি গাড়ি দিয়ে চারদিক থেকে ঘিরে ফেলে একদল দুর্বৃত্ত হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, পথরোধের কারণ জানতে চাইলে আবু নাইমকে এলোপাথাড়ি মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তার দুই ভাই আব্দুল্লাহ আল নাহিদ ও নাজমুল হাসান। তাদেরও মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নেয় এবং ভুক্তভোগীদের গাড়ি ভাঙচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ঘটায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত নাহিদ ও নাজমুল চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার তদন্তকারী কর্মকর্তা সুব্রত কুমার কুন্ড জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, “গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তায় থাকা একটি ফুচকার দোকানে ধাক্কা লাগে। পরে গাড়ি আটকায় একটি পক্ষ। ওই সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একটি পক্ষ অপর পক্ষকে ‘তুমি’ বলে সম্বোধন করায় হামলার ঘটনা ঘটে। এতে চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।”
তিনি বলেন, “এই ঘটনায় উভয়পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। ঘটনার তদন্ত করে প্রকৃত রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।”