রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে (৪৫) কুপিয়ে হত্যার মামলায় গ্রেফতার দলটির আদাবর থানা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানের রিমান্ড আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২ আগস্ট) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই আদেশ দেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান। আবেদনের প্রেক্ষিতে বিচারক আসামির রিমান্ড আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘সাত দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় মামলার বাদীও উপস্থিত ছিলেন। পরে মামলার হলফনামা দিয়ে বাদী আদালতকে জানান, এই আসামি সেই আসামি নয়। আদালত রিমান্ড আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’’
র্যাব-২ গত ২৮ জুলাই রাতে মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে লেদুকে আটক করেন।
র্যাব জানায়, লেদু হাসানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩২টি মামলা রয়েছে। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আসামি। এই মামলায় গ্রেফতার অন্যদের আদালতে দেওয়া ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারার জবানবন্দিতে উঠে এসেছে, লেদুই মূল হত্যাকারী পারভেজকে হত্যার জন্য অস্ত্র সরবরাহ করেছিলেন।
মামলায় অভিযোগে বলা হয়, গত ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে নবোদয় চার রাস্তার মোড়ে আসামিরা সাদ্দাম ও বাদশাহর ওপর হামলা করে। সুইচগিয়ার ও চাপাতি দিয়ে বাদশাহ ও সাদ্দামকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে মো. আবুল বাসার বাদশার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত সাদ্দাম শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ঘটনায় তার স্ত্রী মোসা. স্মৃতি আক্তার আদাবর থানায় মামলাটি দায়ের করেন। এ নিয়ে এই হত্যার ঘটনায় ১০জনকে গ্রেফতার করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।