অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীদের একাংশ।

রবিবার (২ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা এ অভিযোগ করেন।

বিক্ষোভকারী আইনজীবীদের দাবি, আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং অতীতে মামলা-হামলা ও কারাবরণের শিকার অনেক যোগ্য আইনজীবীকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের পরিবর্তে আর্থিক লেনদেন ও বিশেষ সুবিধার ভিত্তিতে ডিএজি ও এএজি নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

তারা বলেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, ত্যাগ এবং পেশাগত দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে সেই নীতির অনুসরণ করা হয়নি।

সমাবেশে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিতর্কিত নিয়োগ বাতিল করে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ও যোগ্য আইনজীবীদের নিয়োগের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন আইনজীবী আকতার হোসেন, শরীফ ইউ আহমেদ, আইয়ূব আলী আশরাফী, মাসুদ রানা, আশিক নজরুল, মো. ইসা, এবিএম ইব্রাহীম খলিল, আনিসুর রহমান খান, জহিরুল ইসলাম সুমন ও আনোয়ারা শিখাসহ অন্যরা।

উল্লেখ্য, গত ৩০ জুলাই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।