দুটি গাড়ি ও প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়ারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে তাকে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন করেন।
আসামির পক্ষে আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন গ্রেফতার না দেখানোর আবেদন জানিয়ে শুনানি করেন। অপরদিকে বাদীপক্ষের আইনজীবী গ্রেফতার আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেফতার ও জামিনের বিষয়ে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে নথি পর্যালোচনা করে আদালত গ্রেফতার আবেদন মঞ্জুর এবং জামিন আবেদন নামঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সময় টেলিভিশনের দায়িত্বে থাকা অবস্থায় আহমেদ জোবায়ার প্রতিষ্ঠানের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে ২ কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করেন। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে প্রতিষ্ঠানের দেওয়া দুটি গাড়ি এবং উত্তোলিত অর্থ ফেরত দিতে বলা হয়। তবে তিনি তা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সময় টেলিভিশনের মালিকানা প্রতিষ্ঠান সিটি গ্রুপ জব্দকৃত সম্পদ ফেরতের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠালেও তিনি তাতে সাড়া দেননি। পরে ঢাকার নিউ মার্কেট থানার আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়।
এর আগে গত ১৮ জুন প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা আরেক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন আহমেদ জোবায়ার। ওই মামলাতেও আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।