পুলিশ বলছে ৯৯৯ নম্বরে আসা ৫৬ শতাংশ কলই অপ্রয়োজনীয়  

জরুরি মুহূর্তে দেশের ১৮ কোটি মানুষের প্রধান ভরসা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’। দুর্ঘটনা, অপরাধ দমনসহ যেকোনও সংকটকালীন সময়ে দ্রুত সহায়তা পেতে সর্বস্তরের নাগরিকেরা এই সেবা ব্যবহার করে থাকেন। তবে দীর্ঘ সাড়ে আট বছরে এই সেবায় আসা মোট ফোনকলের অর্ধেকেরও বেশি বা ৫৬ শতাংশই ছিল অপ্রয়োজনীয়। ফলে অনেক ক্ষেত্রে জীবন রক্ষাকারী প্রকৃত জরুরি সেবা দিতে বিলম্ব বা বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। 

বাংলাদেশ পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে মোট ৭ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ফোনকল এসেছে। এর মধ্যে ৪ কোটি ৬ লাখ ২৩ হাজার কলই ছিল অপ্রয়োজনীয় বা ভুয়া। যা মোট কলসংখ্যার প্রায় ৫৬ শতাংশ। 

পুলিশ কর্মকর্তারা জানান, অসচেতনতা ও কৌতুহলবশত অসংখ্য অপ্রয়োজনীয় কল আসার কারণে জরুরি মুহূর্তে সঠিক সেবা প্রত্যাশীদের লাইন পেতে দেরি হয়, যা ক্ষেত্রবিশেষে মানুষের জীবন ও সুরক্ষাকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে। 

অন্যের জীবন বাঁচাতে এবং প্রকৃত সেবা গ্রহীতাদের সুবিধা নিশ্চিত করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অপ্রয়োজনীয় কল করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।