রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে গ্রেফতারের পর ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা দালাল চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব-১। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১ এর মিডিয়া বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলছে। দালালদের দৌরাত্ম্য থেকে সাধারণ মানুষকে পরিত্রাণ দিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে র্যাব-১ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ উত্তরা পশ্চিম থানাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পেনাল কোড ১৬০ এর ১৮৮ ধারা মোতাবেক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় সদস্য মো. ফেরদাউসকে (২৩) গ্রেপ্তারের পর সাতদিন, মো. আরিফ হোসেনকে (৪০) সাতদিন, অনিক রহমান পরশ ওরফে রকিকে (২০) ১০ দিন, মো. ইউসুফকে (২১) ১০ দিন, মো. রহিদুল ইসলামকে (২৩) ১০ দিন, মো. হানিফকে (৪২) ২০ দিন, মো. খোরশেদ আলমকে (৪০) ১৫ দিন, মো. রাসেল মিয়াকে (৪৯) ১৫ দিন, মো. জুয়েল রানাকে (৩২) ৫ দিন, মো. ইসমাইল হোসেনকে (২৪) ১০ দিন, মো. মমিনকে (২২) ২০ দিন, শ্রাবনী আক্তার অনুকে (২৩) ১০ দিন এবং মো. ওমর সানিকে (৩২) ১০ দিনের সাজা দেওয়া হয়েছে।
র্যাব আরও জানায়, সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ১২ জন পুরুষকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় করাগার এবং ও একজন নারী সদস্যকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।