রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডে রাংস গার্ডেন প্যালেসের নিজ ফ্ল্যাটের আট তালা থেকে নিচে পড়ে নজরুল ইসলাম (৫৫) নামের গাজীপুর সিটি কর্পোরেশনের অ্যাকাউন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে ।
তার নামে গাজীপুরের আদালতে সি আর (নালিশি মামলা) মামলার ওয়ারেন্ট ছিলো।
বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ৬৩ বি সিদ্ধেশ্বরী রোড র্যাংস গার্ডেন প্যালেসে এ ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রমনা থানার উপ-পরিদর্শক এসআই মো. উজ্জ্বল। তিনি বলেন, ‘‘মৃত নজরুল ইসলামের নামে গাজীপুরে সি আর মামলার ওয়ারেন্ট ছিল। রাতে ওই ফ্ল্যাটে পুলিশ তাকে খোঁজ করতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হয়তো পেছনের দরজা দিয়ে বের হয়ে বারান্দার কার্নিশে লুকিয়ে ছিলেন তিনি, বা পালানোর জন্য অন্য ফ্ল্যাটের যাওয়ার চেষ্টা করছিলেন। সে সময় হয়তো অসাবধানতা বসত ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন নজরুল।’’
তিনি আরও বলেন, ‘‘পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ভোররাত পৌনে তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।’’