স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যা, বিএনপি নেতা হাবিব গ্রেফতার

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর খাজা হাবিবুল্লাহ হাবিবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পু‌লি‌শের (ডিএম‌পি) গোয়েন্দা বিভাগ। 

রাজধানীর মৌচাক মা‌র্কেট সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দলের রমনা থানা শাখার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করার কথা জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।   

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে পুরান ঢাকার লালবাগ থেকে হাবিবকে গ্রেফতার করা হয়।   

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম শুক্রবার (৭ আগস্ট) রাতে জানান, হাবিব এজাহারভুক্ত আসামি নন। ত‌বে ঘটনার তদন্তে তার নাম এস‌ছে। এজন‌্য তাকে গ্রেফতার করা হয়েছে। 

এর আগে বিল্লাল হত‌্যাকা‌ণ্ডের ঘটনায় দা‌য়ের মামলায় রমনা মডেল থানার যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পাটোয়ারী, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম, ১৯ নম্বর ওয়ার্ড (রমনা) ছাত্রদলের ‘টিম প্রধান’ ইসতিয়াক আলী রাকিব ওরফে গোল্ডেন রাকিবসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে এই হত্যা মামলার প্রধান আসামি রমনা থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়নি। তিনি আগাম জামিনে আছেন ব‌লে জানা গে‌ছে। 

উল্লেখ‌্য, গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিহত বিল্লাল। পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। 

গত ৮ জুন রাতে সালিশের কথা বলে মৌচাক মার্কেট সংলগ্ন এলাকায় ডেকে নিয়ে তাকে ছুরিকাঘা‌তে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী আম্বিয়া খাতুন রমনা মডেল থানায় ২১ জনের নাম দিয়ে ও অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করে মামলা করেন। 

মামলায় অভিযোগ করা হয়, বিল্লাল খাবার হোটেলের ব্যবসা করতেন। তার ভাগনে মোবারক হোসেন আকাশ মৌচাকের আনারকলি মার্কেটে ব্যবসা করেন। আসামি দিদারুল ইসলাম বাবু আনারকলি মার্কেটের ফুটপাত ও সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ বিল ও ময়লা পরিষ্কারের বিলের নাম করে চাঁদা তুলতেন। এ নিয়ে দিদারুলের সঙ্গে বিল্লালের ভাগনে আকাশের বিরোধ চলছিল। ঘটনার রাতে আকাশের বিষয়ে দিদারুল কথা বলবে বলে বিল্লালকে আনারকলি মার্কেটের পেছনে ডেকে নেয়। দিদারুলসহ অন্য আসামিরা রাত ৮টার দিকে বিল্লালের ওপর হামলা চালায় ও মারধর করে। 

একপর্যায়ে দিদারুলের নির্দেশে রিয়াজুল বিল্লালের বুকে ছু‌রিআঘাত করেন। আকাশকেও মারধর করে আহত করা হয়। আকাশের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। এরপর বিল্লালকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ১০টার দিকে মারা যান বিল্লাল।