সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের আদালত ও অফিস সময়সূচির বিষয়ে নতুন করে নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের আদালত এবং অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরে এটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রধান বিচারপতির নির্দেশক্রমে জারিকৃত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট ও দাফতরিক কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। বিভাগভিত্তিক নতুন সময়সূচি—
আপিল বিভাগ
কোর্ট সময়সূচি: রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা হতে দুপুর সোয়া ১টা পর্যন্ত। (দুপুর ১১টা হতে দেড়টা পর্যন্ত বিরতিসহ)।
অফিস সময়সূচি: রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত। (দুপুর দেড়টা হতে ২টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিসহ)। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
হাইকোর্ট বিভাগ
কোর্ট সময়সূচি: রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ১০টা হতে বিকাল সোয়া ৪টা (দুপুর সোয়া ১টা হতে ২টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিসহ)।
অফিস সময়সূচি: রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত। (দুপুর দেড়টা হতে ২টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিসহ)। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেল, আইন ও বিচার বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রাররা এবং সলিসিটরসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।