বিচারপতিদের জন্য গবেষণা সহযোগী নিয়োগে কমিটি গঠনের নির্দেশ

উচ্চ আদালতের বিচারপতিদের সহায়তার জন্য গবেষণা সহযোগী নিয়োগের সুপারিশ প্রণয়নে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক সম্পূরক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (১১ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ জীসান হায়দার।

এর আগে ২০২১ সালের বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন এবং ২০২৩ সালের সুপ্রিম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ আইনজীবী ও আইন শিক্ষার্থী মিলে ১৩ জন গত নভেম্বরে রিট দায়ের করেন।

ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৪ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন।

রিটের ধারাবাহিকতায় হাইকোর্ট বিভাগের প্রত্যেক বিচারপতির জন্য অ্যাডহক বা চুক্তিভিত্তিক আইন সহকারী-কাম-গবেষণা সহযোগী (ল’ ক্লার্কস-কাম-রিসার্চ অ্যাসোসিয়েট) অথবা গবেষণা কর্মকর্তা/ইন্টার্ন নিয়োগের প্রক্রিয়া গ্রহণের নির্দেশনা চেয়ে গত ৯ আগস্ট সম্পূরক আবেদন করা হয়।

পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানান, হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সহায়তার জন্য গবেষণা সহযোগী নিয়োগের সুপারিশ প্রণয়নে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। আইন ও বিচার বিভাগের সচিবের নেতৃত্বে এ কমিটি গঠন করা হবে। কমিটিকে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।