তিন জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। এই তিনজনসহ বিভিন্ন পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। তাদের মধ্যে, কুষ্টিয়ার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) করা হয়েছে।
এছাড়া সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপারকে আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) এবং পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি করা হয়েছে। আর শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বদলি করে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার মো. শরফুদ্দীনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি), এপিবিএনের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবকে ডিএমপিতে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফকে ডিএমপির উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার করা হয়েছে। আর গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া সিলেটে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে হাইওয়ে পুলিশে এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার করা হয়েছে।
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছ্ছের হোসেনকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবিতে বদলি করা হয়েছে।
অপরদিকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএনে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে, এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।
এছাড়া র্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
মেট্রোরেলের পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনে, এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) জেরিন আখতারকে টাঙ্গাইলে পিটিসিতে পদায়ন করা হয়েছে।
এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. জাহাঙ্গীর আলমকে পিটিসি, নোয়াখালীতে একই পদে বদলি করা হয়েছে। আর এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ এহসান সাত্তারকে পিটিসি, খুলনায় পদায়ন করা হয়েছে।