মৃত আসামির মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার

২০১৩ সালে শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কান্তি মারাক নামে এক ব্যক্তিকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ গত ১ জুলাই বহাল রেখেছিলেন হাইকোর্ট। কিন্তু পরে জানা যায়, সেই আসামি কারাগারে মারা গেছেন।

বিষয়টি আদালতের নজরে আনায় বুধবার (১২ আগস্ট) হাইকোর্ট মৃত্যুদণ্ডের রায় প্রত্যাহার করে মামলাটির সমাপ্তি ঘোষণা করেন। এর আগে আসামির ডেথ রেফারেন্স গ্রহণ করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালে ঘটনার দিনে শিশুটি খেলতে গেলে তাকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে কান্তি মারাক। শিশুটি চিৎকারের চেষ্টা করলে তার নাক মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে কান্তি।

এ ঘটনায় ২০১৯ সালে শেরপুরের আদালত আসামি কান্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল করেন।