স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার ঘটনায় করা মামলায় ২১ জনের বিরুদ্ধে আরও তিন জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আলমগীর হোসেনের আদালতে এসব সাক্ষীরা তাদের জবানবন্দি দেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। তাদের জেরা শেষে আগামী ২৮ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী এ তথ্য নিশ্চিত করেন।
সাক্ষীরা হলেন- ইসমাইল, বাবুল ও হাসান। এ নিয়ে মামলাটিতে চার জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত। এর আগে গত ৩ আগস্ট এই মামলার বাদী মঞ্জুয়ারা বেগমের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
এই মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১০ জন কারাগারে, ৮ জন পলাতক ও তিন আসামি জামিনে রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন একদল লোক সোহাগকে (৩৯) পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে গত বছরের ৮ ডিসেম্বর এই মামলায় ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার (বর্তমানে শাহবাগ) অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান।
এ ছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ আসামিকে অব্যাহতির সুপারিশ করেন তদন্তকারী এই কর্মকর্তা।
তবে মামলাটিতে তদন্তে ত্রুটি থাকায় পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।