১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক অর্নব দাস (৩২) নামে এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার ধানমন্ডি থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম।
এদিকে, আসামি পক্ষের আইনজীবী লিটন মিয়া ও ডি কে গায়েন টিটোসহ অনেকেই তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানিকালে তাকে আদালতের এজলাসে ওঠানো হয়নি।
শনিবার (১৫ আগস্ট) সকালে ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর থেকে তাকে আটক করে ধানমন্ডি থানায় নেওয়া হয়। গ্রেফতার হওয়া ওই যুবক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ দাবি করেন।
মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের সদস্য। তার বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক বাবন উদ্দিন সন্ত্রাসী বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।