রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-২। শনিবার (১৫ আগস্ট) শাহবাগ ও রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার (১৬ আগস্ট) মোহাম্মদপুরে র্যাব-২-এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।
গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. হোসেন আহমেদ শাহরুখ, মো. তারেকুজ্জামান তারেক (৩০) ও মো. শহিদুল ইসলামকে (২৯)।
র্যাব জানায়, শনিবার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, এলেক্স ইমন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখ ও তার সহযোগীরা শাহবাগ এলাকায় অবস্থান করছে। পরে ওইদিন রাতে র্যাব-২ এর একটি আভিযানিক দল শাহবাগ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে শাহরুখ, তারেকুজ্জামান তারেক ও শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পরে আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকার হাজী ইউনূস খান রোডের একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে একটি বিদেশি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলবার, দুই রাউন্ড গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
র্যাবের অধিনায়ক নয়মুল হাসান জানান, গ্রেফতার শাহরুখের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের দুটি, খুনের একটি, নারী ও শিশু নির্যাতনের একটি এবং দ্রুতবিচার আইনে একটি মামলা রয়েছে।
অন্যদিকে, তারেকুজ্জামান তারেকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
র্যাবের তথ্য অনুযায়ী, আলোচিত এলেক্স ইমন হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারনামীয় ছয় জন এবং অজ্ঞাত পাঁচ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-২।