রাজধানীর যাত্রাবাড়ী আড়তের অদূরে এমেদ আলী (৫০) নামে এক মাছ ব্যাবসায়ীকে ছিনতাইকারীরা কুপিয়ে নগদ ৬২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। তিনি মাছ কিনতে রিকশায় আড়তে যাচ্ছিলেন। সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
ভিকটিমের চাচাতো ভাই হিরন মিয়া বলেন, ভোরে মাছ কিনতে যাওয়ার পথে যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে আমার ভাইয়ের রিকশার গতিরোধ করে ৪ জন ছিনতাইকারী। ধারালো অস্ত্র দেখিয়ে টাকা চাইলে ভাই দিতে অস্বীকৃতি জানান। পর জোর করে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এ সময় ছিনতাইকারীরা ভিকটিমের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে যখম করে নগদ ৬২ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এমেদ আলীর বাসা রাজধানীর উত্তর বাড্ডা এলাকায়। পিতার নাম মোহর আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।