শাহজালালে ১ কোটি ৭৮ লাখ টাকার মালামাল জব্দ 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) ধারাবাহিক তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও বিদেশি মদ আটক করা হয়েছে। 

তিন অভিযানে সব মিলিয়ে আটক করা হয়েছে ৩৪৯ কার্টন বিদেশি সিগারেট, ৩৮০ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ। প্রদত্ত হিসাব অনুযায়ী পণ্যগুলোর সম্মিলিত শুল্কায়নযোগ্য বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা এবং নির্ধারিত পণ্যগুলোর প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। সে হিসাবে শুল্ক-করসহ আটক পণ্যের সম্মিলিত মূল্য দাঁড়ায় ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা। 

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

অভিযান-১: তিন যাত্রীর কাছে ১৭০ কার্টন সিগারেট 

সোমবার (১৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের এ-শিফট দুবাই থেকে আগত ইকে৫৮২ ও ইকে৫৮৬ ফ্লাইটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টন সিগারেট, ৯ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ আটক করা হয়। 

আটক সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা এবং ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর ৪২ লাখ ২২ হাজার ৮০০ টাকা। বিদেশি মদের শুল্কায়নযোগ্য মূল্য ২০ হাজার টাকা এবং ৬১০.৩০ শতাংশ হারে শুল্ক-কর ১ লাখ ২২ হাজার ৬০ টাকা। এছাড়া নিষিদ্ধ ক্রিমের বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। 

এই অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা।

অভিযান-২ 

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি১৪৮ ফ্লাইটে অভিযান চালায় সিআইআইডির এ-শিফট। বিভিন্ন যাত্রীর কাছ থেকে আটক করা হয় ১৭৯ কার্টন সিগারেট এবং ৫২ কেজি নিষিদ্ধ ক্রিম। সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৭ লাখ ১৬ হাজার টাকা এবং ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর ৪৪ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা। নিষিদ্ধ ক্রিমের শুল্কায়নযোগ্য মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। এই অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা। 

অভিযান-৩: ফরেন পোস্ট অফিসে ৩১৯ কেজি নিষিদ্ধ বিউটি ক্রিম 

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালিয়ে একসঙ্গে ৩১৯ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়েছে। শুধু এই চালানটিরই আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৮০ হাজার টাকা। এই ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। 

তিন অভিযানের সম্মিলিত চিত্র 

পণ্যের সম্মিলিত শুল্কায়নযোগ্য/বাজারমূল্য: ৯০ লাখ ১৬ হাজারব টাকা। 

উল্লেখিত প্রযোজ্য শুল্ক-কর: ৮৭ লাখ ৯০ হাজারব ৮৬০ টাকা। 

শুল্ক-করসহ সম্মিলিত মূল্য: ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা। 

চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব সুরক্ষায় গোপন তথ্য সংগ্রহ, ঝুঁকিভিত্তিক নজরদারি এবং যাত্রী ও কার্গো বা পার্সেল পর্যায়ে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে।