জুলাই আন্দোলনের সময় ঢাকার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনেরর স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ রিমান্ডের আদেশ দেন।
মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম এই তথ্য জানান।
গত ১২ আগস্টের মামলায় মোনালিসা ইসলামকে গ্রেফতার দেখানো হয়। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার। আদালত আসামির উপস্থিতি শুনানির দিন রাখেন বৃহস্পতিবার।
এদিন শুনানিকালে মোনালিসা ইসলামকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে তরিকুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করে বলেন, “ঘটনা ২০২৪ সালের ১৯ জুলাই। তিনি যে ঘটনার সঙ্গে জড়িত সিসিটিভির ফুটেজ বা ডকুমেন্ট কিছু দিতে পারেনি। আমি ঘটনাস্থলে ছিলাম না।”
তিনি বলেন, “৯ মামলায় জামিনের পর এই আসামির বেলবন্ড ফার্নিশ করি। পরে ১২ আগস্ট তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। এভাবে একের পর এক গ্রেফতার দেখালে তো সারাজীবন কারাগারে থাকতে হবে। তার চার বছরের একটা বাচ্চা দুই বছর মা ছাড়া। রিমান্ডে নেওয়ার মত যৌক্তিকতা নাই। রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।”
শুনানি নিয়ে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।
শুনানিকালে কাঠগড়ায় দাঁড়ানো মোনালিসা ইসলামকে অশ্রুসিক্ত দেখা যায়।
মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান।
গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেফতার করে পুলিশ।