রাজধানীর শ্যামপুরে পারিবারিক কলহে আফরা খান (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) শ্যামপুর ডিআইটি কলোনির একটি ষষ্ঠ তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন বলে জানিয়েছেন তার শশুড়বাড়ির স্বজনরা। তবে কি কারণে, কেন সে গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে তার স্বামী মো. রিপন খান মুখ খোলেননি।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।