তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, উদ্ধারে ৯৯৯-এ সহযোগীর ফোন

গাজীপুরের কড্ডা এলাকায় নির্মাণাধীন একটি পাওয়ার প্ল্যান্ট থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন ১৮ বছর বয়সী এক যুবক। তাকে উদ্ধারে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।

বুধবার (১৯ আগস্ট) রাতে গাজীপুর সদর থানার কড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বৃহস্পতিবার জানান, রাতে কামরুল নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার এক বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তিনি দ্রুত উদ্ধারের ব্যবস্থা করার অনুরোধ করেন।

তিনি জানান, ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিক গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, কামরুল ও তার সহযোগী জিহাদ (১৮) ওই পাওয়ার প্ল্যান্ট থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়েছিলেন। এ সময় জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ হয়ে মাটিতে পড়ে যান। কামরুলও বিদ্যুৎস্পৃষ্ট হন, তবে তার আঘাত গুরুতর নয় বলে ৯৯৯-এ জানান তিনি।