দীপু মনির স্বামীর জানাজায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা  কারাগারে

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামীর জানাজায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল রাফি প্রত্যয়কে (১৯) কারাগারে পাঠানো হয়েছে।

গুলশানের আজাদ মসজিদ এলাকায় দীপু মনির স্বামীর জানাজাকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আটক  ভৈরব উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ এই নেতা।  সন্দেহভাজন আসামি হিসেবে সন্ত্রাস বিরোধী আইনের মামলায়  গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে তাকে ।

শুক্রবার  (২১ আগস্ট) বিকালে  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে  এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী গাজী  ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক কে. এম মফিজুর রহমান আসামি প্রত্যয়কে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান।

অপর দিকে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে,  বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে  গুলশান থানাধীন আজাদ মসজিদ সংলগ্ন এলাকায় সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামীর জানাজাকে কেন্দ্র করে আসামি প্রত্যয় তার সহযোগীদের নিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে। এ সময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আসামি প্রত্যয় গত ৭ আগস্টের গুলশান থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলার সঙ্গে জড়িত। উক্ত মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা করার পরিকল্পনা এবং গোপন বৈঠকের অভিযোগ রয়েছে।

ওই ঘটনায় হওয়া মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

আটক রাখার আবেদনে বলা হয়, মামলার তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখা হোক। পরবর্তীতে তাকে রিমান্ডে পাঠানোর প্রয়োজন হতে পারে।

গ্রেফতারকৃত আল রাফি প্রত্যয় ভৈরব উপজেলা ছাত্রলীগের নেতা। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকায়। বর্তমানে তিনি কাঠালবাগানের এবিসি হোস্টেলে বসবাস করছিলেন।