শাহজালালে প্রায় ৩ কোটি টাকার পণ্য আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত কয়েক দিনে ধারাবাহিক গোয়েন্দা অভিযানে গোল্ড পেস্ট, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, বিপুলসংখ্যক মোবাইল ফোন, সিগারেট, মিল্ক পাউডার, নিষিদ্ধ গৌরি ক্রিম, বিদেশি ওষুধ, মদসহ বিভিন্ন পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বিমানবন্দরের এ, বি ও সি শিফটের পৃথক অভিযানে চোরাচালান ও অবৈধ আমদানির একাধিক প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে।

শুক্রবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এনবিআর জানায়, শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল মোবাইল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম ও দুটি ল্যাপটপ পাওয়া যায়। একই দিন এমিরেটসের ইকে-৫৮২ ও কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট আটক করা হয়। এসব অভিযানে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এর আগে ২০ আগস্ট এ শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা ইকে-৫৮২, বিএস-৩৪২ ও জিএফ-২৫০ ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজি নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি মিল্ক পাউডার এবং ১১৬ পিস বা ৪ দশমিক ৪৬ কেজি ক্রিমজাতীয় ওষুধ আটক করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

একই দিন বি শিফটের পৃথক অভিযানে বিএস-৩৪৬, বিএস-৩১৬ ও ইকে-৫৮৬ ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮টি ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম, চার লিটার বিদেশি মদ, সাবানসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মোট মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

১৮ আগস্ট কলম্বো-ঢাকা রুটের শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল-১৮৯ ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমি মোবাইল ফোন, আইফোনের এসকেডি ফ্রন্ট ও ব্যাক পার্টস এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

এদিকে ১৭ আগস্ট দুবাই থেকে আসা ইকে-৫৮৪ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বি শিফটের কর্মকর্তারা ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেন। পরে স্বর্ণকারের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর ওই পেস্ট থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়। একই সঙ্গে আট কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেট আটক করা হয়। এ অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মোট মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

এনবিআরের দেওয়া হিসাব অনুযায়ী, এসব অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ বা আনুমানিক ঘোষিত মোট মূল্য প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা।

এনবিআর জানায়, গোল্ড পেস্ট থেকে ভ্যাপ, মোবাইল ফোন ও সিগারেট থেকে শুরু করে মিল্ক পাউডার ও নিষিদ্ধ ক্রিম—চোরাচালানের ধরন ও কৌশলে পরিবর্তন এসেছে। এসব কৌশল শনাক্তে গোপন তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং এবং শিফটভিত্তিক নিবিড় নজরদারির মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে।