প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 

রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাইয়ের মালিকানাধীন ডিএল পেট্রোল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার সাগর বাড়ৈকে (৪০) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে মোটরসাইকেলটির খোঁজ পাওয়ার কথা জানিয়েছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার একটি বাসার গ্যারেজ থেকে লাল-কালো রঙের পালসার মোটরসাইকেলটি উদ্ধার করে ডিবি উত্তরা বিভাগ। 

শুক্রবার (২১ আগস্ট) ডিবি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির জানান, উত্তরার চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের ঘটনায় ডিবি শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এরই মধ্যে এ ঘটনায় জড়িত ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সাগর বাড়ৈসহ পাঁচ জনকে চারটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি। তাদের কাছ থেকে কিছু টাকা ও বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি র‍্যাবও এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাগর বাড়ৈ ও জলিল নামের দুই আসামি বর্তমানে ডিবির রিমান্ডে রয়েছে। 

তিনি আরও জানান, রিমান্ডে থাকা সাগর বাড়ৈর দেওয়া তথ্যের ভিত্তিতে গত রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকার হাফিজ উদ্দিন মাস্টার রোডের ‘তাকওয়া’ নামক একটি ভবনের গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে ছিনতাইয়ে ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 

ডিবি কর্মকর্তা বলেন, যে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে, সেখানে নিজেকে ইতালিপ্রবাসী পরিচয় দিয়ে ভাড়া থাকতেন সাগর বাড়ৈ। উত্তরায় ছিনতাইয়ের পর মোটরসাইকেলটি ওই বাসার গ্যারেজে রেখে তিনি পালিয়ে যান। 

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সাগর প্রথমে মোটরসাইকেলটি গোপালগঞ্জে রাখা হয়েছে বলে জানিয়েছিলেন। তার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েও মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি। পরে অধিকতর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 

ইলিয়াস কবির আরও বলেন, সাগর বাড়ৈ গ্রেফতা হওয়ার খবর পাওয়ার পর খিলগাঁওয়ের ওই বাসা থেকে তার পরিবারের সদস্যরা মালামাল নিয়ে অন্যত্র চলে গেছেন। 

ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে ডিবির অভিযান চলছে বলেও তিনি জানান।