সাবেক এমপি ফজলে করিমের তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বাড়লো

ইউপি চেয়ারম্যানকে গুমসহ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিত্রে রবিবার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তার সঙ্গে ছিলেন, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, তারেক আবদুল্লাহ, সুলতান মাহমুদ, জহিরুল আমিন প্রমুখ।

এদিন এবিএম ফজলে করিম চৌধুরীসহ মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানিতে এ মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময়ের আবেদন করে প্রসিকিউশন। পরে আবেদনটি মঞ্জুর করে আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়।

এর আগে গত ১৯ এপ্রিল গুমের এ মামলায় ফজলে করিম ও জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল-২।

প্রসিকিউশন জানায়, ২০১০ সালে চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে তুলে নেওয়া হয়। গুমের পর তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ফজলে করিম ও জিয়াউলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।