কারাবন্দি সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে পৃথকভাবে সম্পদবিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদেশ হাতে পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজেদের পাশাপাশি স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য দিতে হবে।
রবিবার (২৩ আগস্ট) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদকের এই কর্মকর্তা বলেন, সাংবাদিক শাকিল আহমেদের কাছে দুদকের আদেশ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের মাধ্যমে পৌঁছানো হবে। আর ফারজানা রূপার কাছে আদেশ পাঠানো হবে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের মাধ্যমে।
দুদকের পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঁইয়া রবিবার (২৩ আগস্ট) পৃথক দুটি আদেশে সই করেন। তিনি কমিশনের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখার পরিচালক।
দুদক সূত্র জানায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের ‘স্থির বিশ্বাস’ হয়েছে যে শাকিল আহমেদ ও ফারজানা রূপা জ্ঞাত আয়ের বাইরে নিজেদের নামে অথবা বেনামে বিপুল পরিমাণ সম্পদ বা সম্পত্তির মালিক হয়েছেন।
শাকিল আহমেদের নামে জারি করা আদেশে তাকে নিজের, স্ত্রী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ দিতে বলা হয়েছে।
একইভাবে ফারজানা রূপাকে নিজের, স্বামী এবং নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ ও দায়দেনার হিসাব জমা দিতে বলা হয়েছে। দুজনকেই দুদকের নির্ধারিত ছকে এসব তথ্য দিতে হবে। প্রয়োজন অনুযায়ী নির্ধারিত ফরমের সঙ্গে সহায়ক কাগজপত্রও সংযুক্ত করতে হবে।
ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি
দুদকের অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, প্রথমে তাদের দেওয়া ঠিকানায় সম্পদ বিবরণীর আদেশ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ দায়িত্ব দেওয়া হয়েছিল দুদকের কনস্টেবল মো. জুয়েল মিয়াকে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে শাকিল ও ফারজানা কাউকেই পাওয়া যায়নি। পরে সম্পদ বিবরণীর মূল ফরমসহ আদেশ দুদকে ফেরত দেন ওই কনস্টেবল।
এরপর দুদক জানতে পারে, শাকিল আহমেদ বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং ফারজানা রূপা মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।
দুদকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২১ আগস্ট দেশের বাইরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়। শাকিল আহমেদ তেজগাঁও থানার মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগারে রয়েছেন। ফারজানা রূপা যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন।
এ অবস্থায় তাদের কাছে বৈধভাবে আদেশ পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট দুই কারাগারের জেল সুপারের মাধ্যমে সম্পদ বিবরণীর ফরম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক।
কারা কর্তৃপক্ষের মাধ্যমে তারা যেদিন আদেশ গ্রহণ করবেন, সেদিন থেকে পরবর্তী ২১ কার্যদিবসের হিসাব শুরু হবে।
দুই বছর ধরে কারাগারে
শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান এবং ফারজানা রূপা একই প্রতিষ্ঠানের প্রধান প্রতিবেদক ও উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর কয়েক দিন পর ২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।