নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর ছেলে এবং পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র এস এম আসিফ শামসের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলা করার অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। ওই অনুসন্ধানের সময় তার ছেলে এস এম আসিফ শামসের নামে সম্পদ বিবরণী চাওয়ার সুপারিশ করেন অনুসন্ধানকারী কর্মকর্তা।
এরপর আসিফ শামসের নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেয় কমিশন। দুজন সাক্ষীর উপস্থিতিতে গত ১৬ জানুয়ারি তার স্থায়ী ঠিকানায় সম্পদ বিবরণীর ফরম জারি করা হয়।
দুদকের তথ্য অনুযায়ী, সম্পদ বিবরণী দাখিলের জন্য তাকে ২১ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা গত ১৮ ফেব্রুয়ারি শেষ হলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী দিতে না পারার কারণ দেখিয়ে সময় বাড়ানোর কোনও আবেদনও করেননি তিনি।
এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করায় এস এম আসিফ শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
মামলাটির অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন দুদকের সাবেক উপপরিচালক মো. আল-আমিন। তিনি বর্তমানে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ উপপরিচালক হিসেবে কর্মরত।
শামসুল হক টুকুর বিরুদ্ধেও মামলা তদন্তাধীন
আকতারুল ইসলাম জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আগেই মামলা হয়েছে। ২০২৫ সালের ২৩ ডিসেম্বর পাবনার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এ ছাড়া শামসুল হক টুকুর অপর ছেলে এস এম নাসিফ শামস এবং নাসিফ শামসের স্ত্রী মুমতাহিনা মোস্তফার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে। তাদের বিষয়ে দুদকের অনুসন্ধান বর্তমানে চলমান রয়েছে।