ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশ, বিদেশি মদ ও ভারতীয় শাড়ি উদ্ধারের ঘটনায় করা মামলায় দুই ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
কারাগারে পাঠানো আসামিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কামারহাটির সানাওয়ার আলী (৩৬) ও ইমতিয়াজ আহমেদ (৩৬)।
এর আগে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শাহরিয়া শারমিন।
আবেদনে বলা হয়, দুই আসামিই ভারতীয় নাগরিক। তারা জামিনে মুক্তি পেলে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। এতে মামলার তদন্ত ও বিচার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জেল হাজতে আটক রাখা প্রয়োজন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ২৪ আগস্ট দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, তিন লিটার মদ ও ২৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, ৪০০ মার্কিন ডলার, থাই বাথ ও ভারতীয় রুপি, চারটি মোবাইল ফোন এবং দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ১৪(খ) ও ২৪(ক) ধারায় মামলা করা হয়েছে।