সিঙ্গাপুরে চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল

সিঙ্গাপুরে অনুষ্ঠিত চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরাম (সিএলএএফ) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৬ আগস্ট) সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে এ বছরের ফোরামটি। এটি সিঙ্গাপুর কনভেনশন উইক ২০২৬-এর গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর একটি। 

বিশ্বের বিভিন্ন দেশের প্রধান আইন উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইন কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এই ফোরামে আন্তর্জাতিক আইন, বিচার, সুশাসন এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। 

ফোরামের অন্যতম আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘দিস হাউজ বিলিভস দ্যাট ইনভেস্টর-এস্টেট আরবিট্রেশনস ক্যান রিসল্ভ ডিসপিউটস বিটুইন ইনভেস্টরস অ্যান্ড এস্টেটস ইন এ ফেয়ার ম্যানার’। এ বিষয়ে একটি বিতর্কও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সিঙ্গাপুরে এ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি জানিয়েছেন। তিনি লেখেন, “বিশ্বের বিভিন্ন দেশের চিফ লিগ্যাল অ্যাডভাইজার ও জ্যেষ্ঠ আইন নেতাদের সঙ্গে সমসাময়িক আইন, বিচার, সুশাসন ও আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময়ের সুযোগ হচ্ছে। বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরা এবং অর্থবহ বৈশ্বিক সংলাপে অবদান রাখাকে তিনি গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।” 

এর আগে আইন মন্ত্রণালয়ও এক বিজ্ঞপ্তিতে তার এই সফরের কথা জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ আগস্ট বা তার নিকটবর্তী কোনো তারিখে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং ২৯ আগস্ট বা তার কাছাকাছি সময়ে দেশে ফিরবেন অ্যাটর্নি জেনারেল। সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও আইন মন্ত্রণালয়ের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হওয়ায় সফরের যাবতীয় খরচ আয়োজক সংস্থাই বহন করবে, এতে বাংলাদেশ সরকারের কোনও আর্থিক ব্যয় হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

প্রসঙ্গত, চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামের যাত্রা শুরু হয় ২০২৪ সালে। সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেল’স চেম্বার্সের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম ফোরামে বিশ্বের ২০টির বেশি বিচারব্যবস্থা বা এখতিয়ারের চিফ লিগ্যাল অ্যাডভাইজার ও প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। 

এবারের ফোরামের অংশ হিসেবে সিঙ্গাপুরে ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর কনভেনশন উইক-২০২৬-এর আওতায় আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, সালিশ ও আন্তর্জাতিক বাণিজ্যিক আদালতসহ বিভিন্ন বিষয়ে একাধিক আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।