অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের সক্রিয় দুই সদস্যকে নড়াইল থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেফতার ব্যক্তিরা হলো, মো. আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)।
ডিবির বরাত দিয়ে ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতার ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতো। ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা পাওয়ার পরই ক্রেতাকে ব্লক করে দিয়ে তারা প্রতারণা করছিল।
গত ২৩ আগস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণকালে ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামে একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি টিম। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেজটির অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে নড়াইল জেলার সদর থানার ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।