কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় মো. সেলিম (২৮) নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ।

ট্রাফিক যাত্রাবাড়ী জোননের বরাত দি‌য়ে ডিএম‌পির এডি‌সি (মি‌ডিয়া) নিয়াজ মে‌হেদী ব‌লেন, বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনকালে এক নারীর চিৎকার শুনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা দেখতে পায়, এক যুবক দৌড়ে পালাচ্ছে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছে স্বর্ণের কানের দুল পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাই করা স্বর্ণের দুলটি সে গিলে ফেলেছে। পরবর্তী সময়ে বমি করানোর মাধ্যমে তার পেট থেকে স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও ভুক্তভোগী নারীকে যাত্রাবাড়ী থানায় পাঠা‌নো হয়েছে।