সাবেক দুই সচিবের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, একজনের নামে পরোয়ানা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার আসামি ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

প্রসিকিউশন পক্ষের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এর আগে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।

মামলার বিষয়ে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, এতদিন মামলাটি মিসকেস বা বিবিধ মামলা হিসেবে তদন্ত করেছে তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এরপর যাচাই-বাছাই শেষে আজ এটি ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

এদিকে সকালে কারাগার থেকে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।