রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়া সেই আসামি মিতু আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির ওয়ারি বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা বলেন, কেরানীগঞ্জে আত্মগোপনে থাকা থানা থেকে পালানো আসামি মিতুকে গ্রেফতার করা হয়েছে।
মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় হওয়া একটি হত্যা মামলার আসামি। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিতু আক্তার থানা থেকে পালিয়ে যান। তবে কীভাবে তিনি থানা থেকে পালিয়ে গেলেন এবং এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল তা জানা যায়নি।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্য প্রত্যাহার করা হয়।