রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশার অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে পুলিশের পাশাপাশি ডেসকো ও ডিপিডিসির প্রতিনিধিরাও ছিলেন। শনিবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।
মিরপুর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার ছানোয়ার হোসেন এ তথ্য জানান।
ট্রাফিক বিভাগের সূত্র জানায়, কাফরুল থানার কাফরুল স্টাফ কোয়ার্টার সংলগ্ন পকেট বস্তি এলাকা, রূপনগর থানার ঝিলপাড় বস্তি, চলন্তিকা বস্তি ও টিনশেড বস্তি এলাকাসহ বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশার অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
অভিযানে— ২০০ মিটার বৈদ্যুতিক তার (আনুমানিক ৭০ কেজি), ৫০০টি চার্জিং পয়েন্ট, তিনটি চার্জিং অ্যাডাপ্টার, একাধিক বৈদ্যুতিক মিটারসহ ১০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে ট্রাফিক মিরপুর বিভাগে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ট্রাফিক বিভাগ।