গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নারীসহ তিনজন আহত

রাজধানীর গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে এক নারীসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন।  তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পথচারী আশা আকতার (২০) ও সিয়াম (১৮) এবং  চা দোকানি আলমগীর (৩৩)।  আহতদের দাবি, তারা সবাই পথচারী। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি জানান, সিয়ামের বুকের বাম পাশে,  আলমগীরের মাথায় ও আশার ডান পায়ে গুলি লেগেছে।