হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো 

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে  ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর রেখেছে আদালত। 

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালত এই দিন নির্ধারণ করেন।

আসামিপক্ষের আইনজীবী গোলাম কিবরীয়া শামীম এসব তথ্য নিশ্চিত করেন।

এদিন মামমলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করায় তাকে এই আদালতে হাজির করা হয়নি। এজন্য রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি পেছাতে আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ২৪ সেপ্টেম্বর রেখেছেন শুনানির পরবর্তী দিন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তি। 

হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

তদন্ত করে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে গত বছরের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান।

এই মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু রয়েছেন পলাতকদের মধ্যে।

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এই মামলায় কারাগারে আছেন। জামিনে রয়েছেন ১০ জন।