জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসীসহ আটক ১৫

রাজধানীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মো. জাহিদ কাদেরী ওরফে মোল্লা জাহিদ ও ইব্রাহিম সরকার ওরফে রাব্বিসহ ১৫ জনকে আটক করেছে র‌্যাব-২।

এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দুটি সামুরাই, একটি চাপাতি, এক হাজার ২৫০ গ্রাম হেরোইন, ৮২০ গ্রাম গান পাউডার, এক হাজার ৫০ পিস ইয়াবা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ জানায়, সোমবার (৩১ আগস্ট) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারীরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একাধিক দল রাতভর অভিযান চালায়।

অভিযানে মোহাম্মদপুর থানার বটতলা এলাকা থেকে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মো. জাহিদ কাদেরী ওরফে মোল্লা জাহিদকে ৯০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

লাউতলা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম সরকার ওরফে রাব্বিকে (৩০) একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়। একই এলাকা থেকে কিশোর গ্যাং লিডার মো. রিয়াদ হোসেন ওরফে রজব আলীকে (২১) একটি চাপাতি এবং কিশোর গ্যাং লিডার মো. রমজানকে (২৪) একটি সামুরাইসহ আটক করা হয়।

একই রাতে র‌্যাব-২-এর আরেকটি দল মোহাম্মদপুরের কিশলয় স্কুল এলাকা থেকে ছিনতাইকারী মো. ইয়াসিন কবির ওরফে অয়নকে (২২) একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে। সাত মসজিদ হাউজিং এলাকা থেকে মো. নাজমুলকে (২৩) একটি সামুরাইসহ আটক করা হয়।

লিমিটেড এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. জুনায়েদকে (২৫), শিয়া মসজিদ এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. বাবুকে (৩০) এবং মা ও শিশু হাসপাতাল এলাকা থেকে ছিনতাই মামলার আসামি মো. মাহবুবকে (৪৫) আটক করা হয়।

এ ছাড়া সাত মসজিদ হাউজিংয়ের জনতা বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, র‌্যাব-২-এর আরেকটি দল শেরেবাংলা নগর থানার তালতলা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পাঁচ মাদক মামলার আসামি মো. মনির বেপারীকে (৪০) আটক করে।

একই অভিযানে তেজগাঁও শিল্পাঞ্চল থানার রেলগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ গ্রাম হেরোইন ও ৮২০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে মোহাম্মদপুর থানার রায়েরবাজার বেড়িবাঁধের শুঁটকির আড়ৎ এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মো. শামীমকে (২৫) একটি সামুরাইসহ আটক করা হয়।

যাত্রাবাড়ী থানার মুক্তিযোদ্ধা রোড এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেন (৩৮), মো. রফিকুল ইসলাম সুমন (৪৫), সোলায়মান হোসেন রাজু ওরফে রাজিব (৩২) ও মো. শফিকুর রহমানকে (৩৮) এক হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।