শাহজালালে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকারসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক ব্যক্তিরা হলেন—খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।

এপিবিএন জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট)  সকাল ১০টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বাইরের গেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন বলে জানায় এপিবিএন।

এপিবিএনের মিডিয়া বিভাগ জানায়, আটকের পর তাদের শরীর তল্লাশি করে মোট ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা সব স্বর্ণালংকার ২১ ক্যারেটের। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।

এপিবিএন জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, উদ্ধার করা স্বর্ণালংকার বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণ আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে দাবি করেছে এপিবিএন।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এপিবিএন আরও জানায়, আটক ব্যক্তিরা অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ নিয়ে এসে নিজেদের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনও চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’