রাজধানীতে দিনদুপুরে ৩৮ লাখ টাকা ছিনতাই: চার আসামি রিমান্ডে

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় তিন আসামিকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় তানভীর আবেদীন বাবু ওরফে খোকনকে চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মো. শরীফুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ডে যাওয়া অপর তিন আসামি হলেন—মজিবুর রহমান, জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির এবং কবির হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট দুপুর সোয়া ২টার দিকে ধানমন্ডি ১২ নম্বর সড়কের ‘ডিঙ্গী’ রেস্টুরেন্টের সামনে দিয়ে বেকারি ব্যবসায়ী মো. খোরশেদ আলম (৫০) ৩৮ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় ৮ থেকে ১০ জনের একটি দল অস্ত্রের মুখে তার গতিরোধ করে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে।

চিৎকার শুনে ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করে তানভীর আবেদীন ও মো. মজিবুর রহমানকে আটক করেন। তানভীরের দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।

পরে মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

ছিনতাইয়ের ঘটনায় খোরশেদ আলম এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় ধানমন্ডি থানার এসআই সাইফুল ইসলাম ৩১ আগস্ট মামলা করেন।

ওইদিন জাকির হোসেন, কবির হোসেন ও তানভীর আবেদীনকে আদালতে হাজির করে পুলিশ। ছিনতাইয়ের মামলায় জাকির ও কবিরকে সাত দিন করে এবং অস্ত্র মামলায় তানভীরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়ে বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

এদিকে মঙ্গলবার বিকালে নিউ মার্কেট এলাকা থেকে কবিরকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন এসআই বাবন উদ্দিন। অপর তিন আসামিকেও রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করা হয়।

এসআই মো. শরীফুজ্জামান বলেন, আসামিদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পরে অস্ত্র মামলায় তানভীরের চার দিন এবং ছিনতাই মামলায় অপর তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।