পারিবারিক কলহ এবং অন্য নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগে ক্ষিপ্ত হয়ে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে খুন কেরেন স্ত্রী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ কনেন রেহেনা আক্তার নামে ওই নারী। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি হলেন মাহফুজুর রহমান (৪০)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, স্বামীকে খুনের পর রেহেনা আক্তার নিজেই ৯৯৯-এ ফ্নে করেন। তিনি জানান, আগের দিন রাতে তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়েছিলেন। এতে তার স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরে ইট দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুন করেছেন তিনি। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি সবুজবাগ থানাকে জানায়। পরে থানা পুলিশের একটি টিম গিয়ে ঘাতক নারীকে আটক ও নিহতের মরদেহ উদ্ধার করে।
আনোয়ার সাত্তার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহ এবং অন্য নারীদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকায় ক্ষিপ্ত হয়ে রেহেনা তার স্বামীকে খুন করেছেন।
এ সংক্রান্তে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।