রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারকৃতরা হলো মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)। তাদের মধ্যে মাসুদ রানা র্যাবের সৈনিক। তিনি র্যাব সদর দফতরের ডগ স্কোয়াড বিভাগে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের সূত্র।
এ বিষয়ে র্যাবের একটি সূত্র ঘটনার সতত্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ডিবি মাসুদ রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে র্যাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র্যাব তদন্ত করে দেখবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বনানী থানাধীন ব্লক-এ, রোড নং-৪-এর খায়ের প্যালেসের সামনে গোপন তথ্যে অভিযান চালিয়ে ডাকাত চক্রটিকে গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত একজোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ এবং একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃতরা কোনও সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, অস্ত্রের উৎস এবং তারা পূর্বে সংঘটিত কোনও অপরাধে সম্পৃক্ত ছিল কি না—এসব বিষয়ে বিস্তারিত তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।